জয়পুরহাটের পাঁচবিবিতে এক নারী হোটেল শ্রমিককে ধর্ষণের অভিযোগে ছাইদুল রহমান (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৪ এপ্রিল) রাতে উপজেলার খাসবাট্রা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ধর্ষক উপজেলার খাসবাট্রা গ্রামের মৃত মালেকের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার ওই নারী হোটেল শ্রমিকের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। বর্তমানে তিনি জয়পুরহাটে একটি হোটেলে নারী শ্রমিকের কাজ করেন।
হোটেলে কাজের সুবাদে তার সঙ্গে পরিচয় হয় পাঁচবিবি উপজেলার খাসবাট্রা গ্রামের মৃত মালেকের ছেলে ছাইদুলের।
লকডাউনে হোটেল বন্ধ থাকায় পরিবারের সদস্য নিয়ে বিপাকে পড়েন তিনি। তার অসহায়ত্বের সুযোগ নিয়ে তাকে ভাত রান্নার কাজ দেওয়ার কথা বলে মঙ্গলবার (১৩ এপ্রিল) রাতে পাঁচবিবি উপজেলার পাটাবুকা গ্রামের একটি বাগানে ডেকে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায় ছাইদুল।
এ ঘটনায় বুধবার বিকালে ভুক্তভোগী নারী হোটেল শ্রমিক বাদী হয়ে ধর্ষণের মামলা করলে পুলিশ রাতেই তাকে গ্রেপ্তার করে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় ভুক্তভোগী নারী হোটেল শ্রমিককে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।